Image description

মাঠের লড়াই চলছিল সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার মধ্যে। কিন্তু মাঠের বাইরের একটি ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেফিল্ড শিল্ডের ফাইনালের প্রথম দিনে লিউক ব্রাউন নামের এক দর্শক ‘ফ্রি ইমরান খান’ লেখা টি-শার্ট পরে গ্যালারিতে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। রাজনৈতিক স্লোগান হিসেবে গণ্য করে তাকে টি-শার্টটি ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীদের সিদ্ধান্ত সঠিক মনে হলেও, পরে বিষয়টি খতিয়ে দেখে ক্রিকেট অস্ট্রেলিয়া ভিন্ন মত দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-কে জানিয়েছেন, “ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে ক্রিকেট বিশ্বের উদ্বেগের বিষয়টি আমরা জানি। আমরা মনে করি এটি এখন একটি মানবিক ইস্যুতে পরিণত হয়েছে এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।” অর্থাৎ, এখন থেকে ওই দর্শককে তার টি-শার্টসহ মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বাধায় অবাক হয়েছিলেন লিউক ব্রাউন। তিনি বলেন, “আমি বেশ অবাক হয়েছিলাম। আমি বুঝি তারা কেন এমন নিয়ম করে, কিন্তু আমার মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল। পুরো ক্রিকেট বিশ্বের এখন ইমরান খানের পাশে দাঁড়ানো উচিত।” তিনি আরও যোগ করেন, যদি কর্তৃপক্ষ এমন কড়াকড়ি করে, তবে তাদের ওপরই দায় বর্তায় সাধারণ মানুষকে ইমরান খানের সমর্থনে ঐক্যবদ্ধ করার।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর সামনে আসার পর বিশ্বের সাবেক ক্রিকেটার ও ভক্তরা তাঁর শারীরিক সুস্থতা নিয়ে চিন্তিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নমনীয় অবস্থান মূলত সেই মানবিক উদ্বেগেরই প্রতিফলন। উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়া সাধারণত রাজনৈতিক কোনো বার্তা মাঠে প্রচারের অনুমতি দেয় না। তবে ইমরান খানের মতো কিংবদন্তি ক্রিকেটারের বর্তমান সংকটাপন্ন অবস্থাকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।