পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরু হয়েছে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও নবাগত হায়দরাবাদ কিংসমেন।
এ ম্যাচ দিয়েই নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে অভিষেক হলো পারভেজ হোসেন ইমনের। বাঁহাতি ব্যাটার ইমন খেলছেন লাহোর কালান্দার্সে।
ইমনের সতীর্থ হিসেবে আছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মুস্তাফিজ ৮ বছর পর পিএসএলে ফিরেছেন। সর্বশেষ তিনি এই টুর্নামেন্টে খেলেছিলেন ২০১৮ সালে; লাহোর কালান্দার্সের হয়েই।
ইমন ও মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও রিশাদ হোসেনের।
গত বছর নাহিদ রানা পেশাওয়ার জালমি ও মেহেদী হাসান মিরাজ লাহোর কালান্দার্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। আর লিটন দাস করাচি কিংসে নাম লেখালেও চোটের কারণে খেলতে পারেননি।
এ বছর ছয়জন বাংলাদেশি ক্রিকেটারকে পিএসএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং করেছে লাহোর কালান্দার্স। ফখর জামানের ফিফটি, সিকান্দার রাজা ও শাহীন আফ্রিদির বিস্ফোরক ব্যাটিংয়ে হায়দরাবাদ কিংসমেনকে তারা ২০০ রানের লক্ষ্য দিয়েছে।
কিছুক্ষণের মধ্যে মুস্তফিজুর রহমানকে বোলিং করতে দেখা যাবে।
পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।