সেনেগালের কাছ থেকে কেড়ে নিয়ে আফ্রিকান নেশন্স কাপের ট্রফি মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা সিএএফ। কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র নয় সেনেগাল ফুটবলের শীর্ষ সংস্থা। তারা আন্তর্জাতিক আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। একই সঙ্গে ট্রফিটি নিয়ে বিজয় উৎসবের পরিকল্পনা করেছে তারা।
জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল বিচারকরা তাদের সেই জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। যার বিরুদ্ধে এবার সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছে সাদিও মানের সেনেগাল। যদিও ঠিক কবে নাগাদ সেই রায় আসবে, সুনির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না। কিন্তু সেনেগালের মধ্যে শিরোপা হস্তান্তরের লক্ষণ নেই।
সেনেগালিজ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আগামী শনিবার মানে ও তার সতীর্থদের সম্মানিত করতে একটি অনুষ্ঠান আয়োজন করবে। এদিন পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ তারা খেলবে স্তাদে দে ফ্রান্সে। সেখানে ৬০ হাজার দর্শক ও আমন্ত্রিত শিল্পীদের সামনে ট্রফি প্রদর্শনী করা হবে এবং উদযাপন করবে পুরো দল।
এর আগে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার খবরে দলটির ডিফেন্ডার মুসা নিয়াখাতে নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে ট্রফি ধরে রাখা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নিয়ে যাও তো দেখি। পাগল নাকি!’ লেফট ব্যাক এল হাজি মালিক দিওফ তার ইনস্টাগ্রামে একই ধরনের পোস্ট শেয়ার করে লেখেন, ‘এমনটা আমি আশা করিনি, এটা কোথাও যাচ্ছে না।’ দেশটির প্রেসিডেন্টও তার সরকারি দপ্তরে ট্রফি পাশে রেখে তোলা একটি ছবি পোস্ট করেন। এখন দেখার অপেক্ষা আন্তর্জাতিক আদালতের রায়ে কি সেনেগাল ট্রফি রেখে দিতে পারে কি না!
শীর্ষনিউজ