Image description

জন্মদিনে ভিন্ন এক চমক পেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২৪ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কেক কেটে তার জন্মদিন উদযাপন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এ সময় একে অপরকে কেক খাইয়ে দেন তারা। আর সেই মুহূর্তেই মজার ছলে সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ-যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিভিন্নমুখী আলোচনা।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিবের ক্যারিয়ার আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। দীর্ঘদিন ধরে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে। তার হাত ধরেই এসেছে বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়।

 

তবে ক্যারিয়ারের শেষভাগে এসে রাজনীতিতে জড়িয়ে নানা বিতর্কেও জড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা বাড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন তিনি। এ সময় তার নামে একাধিক মামলাও দায়ের করা হয় এবং জাতীয় দল থেকেও ছিটকে পড়েন সাবেক এই অধিনায়ক।

তবে সাম্প্রতিক সময়ে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির বিষয়েও কাজ চলছে নীতিনির্ধারণী পর্যায়ে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

 

এ বিষয়ে গত ৪ মার্চ গণমাধ্যমকে আসিফ আকবর বলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে। বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে তার আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। আমরা আশাবাদী, খুব শিগগির সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো।’

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। সেটিই ছিল তার ক্যারিয়ারের ৭১তম টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই দেশের মাটিতে খেলে অবসরের ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।