Image description

গত সপ্তাহে বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। সেই সিরিজের গ্যালারিতে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, ইফতারের সময় পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করছেন।

নাফিস এই ছবিটিকে দেখছেন ভিন্নভাবে।

রোজার মধ্যে দুপুর দুইটায় মাঠে এসে ক্রিকেটারদের সমর্থন করা, এরপর পরিবারের সবার জন্য ইফতারের ব্যবস্থা করা—নাফিসের কাছে বিষয়টি অন্যরকম। তার কাছে এটা কেবল সমর্থন নয়, এটা ভালোবাসা। শুক্রবার মধ্যরাতে ভাইরাল ছবিটি ফেসবুকে পোস্ট করে নাফিস একটি দীর্ঘ লেখা দিয়েছেন।

শুরুতেই নাফিস লিখেছেন, ‘আসসালামু আলাইকুম।

আমি ১৯৯৭ সাল থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত। এজ লেভেল, ফার্স্ট ক্লাস, ডোমেস্টিক, এমনকি জাতীয় দল—সব পর্যায়েই খেলেছি। এই দীর্ঘ পথচলায় আমরা সবসময়ই দর্শকদের নিয়ে ভেবেছি, তাদের জন্য খেলেছি, তাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি। কিন্তু কখনো এত গভীরভাবে অনুভব করিনি, যতটা এই একটি ছবি দেখে করেছি।

এরপর নাফিস আরও লিখেছেন, ‘রমজান মাস, পাকিস্তান সিরিজ চলছে। দুপুর সোয়া দুইটা থেকে খেলা শুরু—এই সময়ে একটি পরিবার স্টেডিয়ামে এসে খেলা দেখছেন, এবং সেখানেই তাদের ইফতারের ব্যবস্থা করেছেন। সত্যি বলতে, এই দৃশ্যটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। আমরা সবাই চাই রোজার মাসে একটু আরামে থাকতে, সুন্দরভাবে ইফতার করতে। কিন্তু তারা সেই আরাম ছেড়ে আমাদের সমর্থন করতে মাঠে এসেছেন—এটা শুধুই সমর্থন না, এটা ভালোবাসা।

নাফিস এই ছবির গল্পটা ক্রিকেটারদের কাছে পৌঁছে দেবেন বলেও জানান, ‘আমি এখন আর খেলি না, কিন্তু আমি অবশ্যই এই বার্তাটা প্রত্যেক খেলোয়াড়ের কাছে পৌঁছে দেব। যেন তারা বুঝতে পারে, এই ভালোবাসার মূল্য কতটা বড়। আমি জানি, আমাদের খেলোয়াড়রা সবসময় তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। তবুও, এই ছবিটা দেখে আমি চাই, তাদের চেষ্টা যেন আরও বেড়ে যায়।’

একদম শেষে নাফিস লিখেছেন, ‘আমি নিশ্চিত, এমন অনেক গল্প আছে। অনেক মানুষ আছেন, যারা আমাদের সমর্থন করতে এসে নিজেদের কষ্ট স্বীকার করেছেন। এই ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারলে ভালো লাগত। তারপরও বলছি—ধন্যবাদ আপনাদের সবাইকে। দয়া করে আমাদের পাশে থাকবেন, আমাদের সমর্থন করে যাবেন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।’