অভিনেত্রী সাবিলা নূর ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় দক্ষতায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন বড়পর্দায়। ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নেয়ার পাশাপাশি ঠাইঁ করে নিয়েছেন দর্শকহৃদয়েও। গত কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এটি ছিল তার বড়পর্দায় অভিষেক সিনেমা।
এবারও ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এতে জুটি বেঁধেছেন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে। তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ততার মধ্যেই চ্যানেল 24 অনলাইনের সঙ্গে ঈদের স্মৃতিচারণ করলেন এ অভিনেত্রী।
সাবিলা নূরের ভাষ্যমতে―
ব্যস্ত শুটিং ও ক্যারিয়ারের এই উত্থানের মাঝেও ঈদ নিয়ে আলাদা আবেগ রয়েছে। কিন্তু সেই আনন্দ এখন অনেকটাই বদলে গেছে। শৈশবের ঈদগুলোই বেশি আনন্দের ছিল। সেই দিনগুলো এখন খুব মিস করি। বড় হয়ে ঈদ সেলিব্রেশন বিষয়টাই যেন জীবন থেকে হারিয়ে গেছে, যা নিয়ে এখন আফসোস কাজ করে (হাসতে হাসতে)।

নিজের ছোটবেলার স্মৃতি টেনে সাবিলা নূর বলেন, আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। ওই সময়ের ঈদগুলো ছিল ভীষণ আনন্দের। ঈদের আগের রাতে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করতাম। ঈদের দিন নতুন জামা পরে বড়দের সালাম করতাম, সালামি নিতাম—সব মিলিয়ে খুব সুন্দর সময় ছিল।
সময়ের পরিক্রমায় সেসব চিত্র বদলে গেছে বলেও জানালেন এ অভিনেত্রী। সাবিলা নূর বলেন—
এখন আর তেমন ঈদের আনন্দ পাই না। আসলে ঈদ মানেই তো শুধু নির্দিষ্ট একটি দিন না, ঈদের আগের সময়টাও খুব উপভোগ করার মতো—কেনাকাটা, শপিং, হাতে মেহেদি দেয়া; সবই ছিল আনন্দের বড় একটি অংশ।

বর্তমানে ব্যস্ততার কারণে সেই আনন্দ থেকে অনেকটাই দূরে সরে গেছেন বলে ইঙ্গিত পাওয়া গেল তার কথায়। এখন ঈদের আগের দিনও মধ্যরাত পর্যন্ত ক্যামেরার সামনে থাকতে হয়। শপিং করার সময়ই পাই না। তাই সেভাবে ঈদ সেলিব্রেশনও হয় না—যোগ করেন সাবিলা নূর।
ক্যারিয়ারের ব্যস্ততা আর ব্যক্তিগত আবেগের এই দ্বন্দ্বেই যেন আটকে আছে তার ঈদ, যেখানে স্মৃতিতে রয়ে গেছে শৈশবের রঙিন দিনগুলো। আর বাস্তবে জায়গা করে নিয়েছে কাজের ব্যস্ততা।