ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরল—ম্যাচ শেষ, ট্রফি উঠেছে, উদযাপনও হয়েছে… তবু দুই মাস পর বদলে গেল চ্যাম্পিয়নের নাম। আফ্রিকা কাপ অব নেশনসের ২০২৫ আসর এখন আর শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি পরিণত হয়েছে এক বিস্ফোরক বিতর্কে। মাঠে জেতা সেনেগালের হাত থেকে প্রশাসনিক সিদ্ধান্তে শিরোপা তুলে দেওয়া হয়েছে মরক্কোর হাতে—আর তাতেই উত্তাল পুরো আফ্রিকান ফুটবল বিশ্ব।
এই সিদ্ধান্ত শুধু একটি ফল বদল নয়; এটি প্রশ্ন তুলেছে—ফুটবলে শেষ কথা কি মাঠ, নাকি বোর্ডরুম?
সবকিছুর সূত্রপাত ১৮ জানুয়ারির সেই বিতর্কিত ফাইনালে। নির্ধারিত সময়ের শেষদিকে পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছাড়ে সেনেগাল। পরে তারা ফিরে এসে ম্যাচ শেষ করে এবং অতিরিক্ত সময়ে গোল করে ১-০ ব্যবধানে জয়ও পায়।
কিন্তু ম্যাচ-পরবর্তী নাটকই বদলে দেয় সবকিছু। মরক্কো ফুটবল ফেডারেশনের আপিলের পর আফ্রিকার ফুটবল ফেডারেশন (কাফ) জানায়, সেনেগালের এই ‘ওয়াক-অফ’ নিয়ম ভঙ্গের শামিল। নিয়মের ৮৪ ধারা প্রয়োগ করে ম্যাচটি ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে ঘোষণা করা হয় এবং বদলে যায় চ্যাম্পিয়নের নাম।
মরক্কো: ‘এটা অহংকার নয়, নিয়ম’
মরক্কোর প্রতিক্রিয়া ছিল সংযত ও হিসেবি। তাদের দাবি, এটি আবেগের বিষয় নয় শুধু নিয়মের প্রয়োগ।
ফেডারেশন জানায়, তারা মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেনি, বরং প্রতিযোগিতার বিধিমালা অনুসরণ নিশ্চিত করতে চেয়েছে। দেশটির মিডিয়ায় এটিকে ‘ন্যায়বিচার’ হিসেবে দেখানো হচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
দলের ভেতরেও একই বার্তা। মরোক্কোর অধিনায়ক আচরাফ হাকিমি ইঙ্গিত দিয়েছেন—ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আর ব্রাহিম দিয়াজ, যিনি ফাইনালের নাটকের কেন্দ্রে ছিলেন, খবরটি শোনার পর স্বস্তির প্রতিক্রিয়া জানান।
সেনেগাল: ক্ষোভ, প্রতিবাদ আর ব্যঙ্গ
সেনেগালে চিত্র পুরো উল্টো। সেখানে এই সিদ্ধান্তকে বলা হচ্ছে ‘কেলেঙ্কারি’, ‘বিশ্বাসঘাতকতা’ এমনকি ‘রাজনৈতিক রায়’।
তাদের যুক্তি স্পষ্ট—ম্যাচ শেষ হয়েছে, জয় এসেছে মাঠে। সেক্ষেত্রে সাময়িক প্রতিবাদের কারণে পুরো ফল বদলে দেওয়া অযৌক্তিক ও অতিরিক্ত শাস্তি।
এই ক্ষোভ সবচেয়ে বেশি ফুটে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এল মালিক দিয়ুফ ট্রফি হাতে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন
মুসা নিয়াখাতে লিখেছেন, ‘এসে নিয়ে যাও!’
অন্যরা ইমোজির মাধ্যমে বিদ্রূপ করেছেন।
সাদিও মানের ঘনিষ্ঠরাও বলছেন, এই সিদ্ধান্ত ‘আফ্রিকান ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।’
বিভক্ত এক মহাদেশ
এই ঘটনার প্রভাব শুধু একটি শিরোপা বদল নয়—এটি ফুটবল দর্শনের দ্বন্দ্বকে সামনে এনেছে।
এক পক্ষ বলছে: নিয়মই শেষ কথা
অন্য পক্ষ বলছে: মাঠেই সব নির্ধারিত হওয়া উচিত
বিতর্ক এখানেই থামছে না। সেনেগাল ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা এই নাটককে আরও দীর্ঘ করতে পারে।
এখন আফ্রিকান ফুটবল দাঁড়িয়ে এক অদ্ভুত বাস্তবতায়—এক রাতে মাঠে এক চ্যাম্পিয়ন, আর দুই মাস পর কাগজে আরেক চ্যাম্পিয়ন।