Image description

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৬ সালের ফিনালিসিমা ম্যাচটি বাতিল করা হয়েছে। রোববার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে উয়েফা।

 

উয়েফা ইউরো ২০২৪ এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে কাতারের দোহায় ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমার ম্যাচটি। ভক্তরাও মুখিয়ে ছিলেন কারণ প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল তরুণ তারকা লামিনে ইয়ামাল ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসির।

তবে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের একে অপরের হামলা এবং যুদ্ধর পর পুরো অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় কাতারকে ম্যাচ আয়োজনের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

উয়েফা, কনমেবল এবং স্থানীয় আয়োজক কমিটি বিকল্প তারিখ ও ভেন্যু খুঁজে দেখেছিল। মাদ্রিদ এবং বুয়েনেস আইরেসে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

উয়েফা এক বিবৃতিতে জানায়, কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিকল্পনা অনুযায়ী সেখানে ফিনালিসিমার আয়োজন করা সম্ভব নয়।

প্রথম বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ২৭ মার্চ ম্যাচটি আয়োজন করা এবং স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের ৫০:৫০ ভাগে বসার ব্যবস্থা করা। কিন্তু এই প্রস্তাব আর্জেন্টিনা প্রত্যাখ্যান করে।

দ্বিতীয় প্রস্তাব ছিল দুই লেগে ম্যাচ আয়োজন—প্রথমটি বার্নাব্যুতে এবং দ্বিতীয়টি বুয়েনেস আইরেসে, যা ২০২৮ সালের ইউরো ও কোপা আমেরিকার আগে কোনো আন্তর্জাতিক বিরতিতে হয়ে যেতে পারত। কিন্তু এটিও আর্জেন্টিনা নাকচ করে দেয়।

পরবর্তীতে ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ২৭ মার্চ অথবা ৩০ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও সেটিও গ্রহণ করা হয়নি। আর্জেন্টিনা এরপর বিশ্বকাপের পর ম্যাচ খেলার প্রস্তাব দেয়, কিন্তু স্পেনের তখন কোনো খালি সময়সূচি না থাকায় সেটিও সম্ভব হয়নি।

সবশেষে আর্জেন্টিনা জানায় তারা কেবল ৩১ মার্চ খেলতে পারবে, যা আয়োজকদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এই প্রতিযোগিতার চতুর্থ সংস্করণ হওয়ার কথা ছিল এবারের ফিনালিসিমা, যেখানে ইউরোপের চ্যাম্পিয়ন দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মুখোমুখি হয়। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সবশেষ এই প্রতিযোগিতায় ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

 

 

এর আগে ১৯৮৫ সালে প্রথম আসরে ফ্রান্স উরুগুয়েকে হারিয়ে শিরোপা জেতে। এরপর ১৯৯৩ সালে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ডেনমার্ককে হারিয়ে ট্রফি জয় করেছিল।

এই ম্যাচটি বিশেষভাবে আলোচিত ছিল কারণ এতে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সুযোগ পেতেন তার আদর্শ লিওনেল মেসির।

১৮ বছর বয়সী ইয়ামালকে অনেকেই মেসির সঙ্গে তুলনা করেন, কারণ দুজনেই বার্সেলোনায় একই ধরনের পথ পাড়ি দিয়েছেন। তারা দুজনই একই পজিশনে খেলেন, বাঁ পায়ে দক্ষ খেলা প্রদর্শন করছেন এবং তাদের জার্সি নম্বরও ১০।

সূত্র- ইএসপিএন