Image description

প্রথম ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে একপেশে জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৫ সালের পর পাকিস্তানের বিপক্ষে আবারও ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি এখন মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

 

২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও সেই সুযোগ হাতছানি দিচ্ছে। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ নিজেও ফর্মে ফিরেছেন, প্রথম ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসটি ছিল চোখের প্রশান্তি। ৭টি চার ও ৫টি ছক্কায় সাজানো সেই ইনিংস বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আজ জিতলে টানা দুই সিরিজ জয়ের কৃতিত্ব গড়বে বাংলাদেশ।

 

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠন করছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা চারজন নতুন ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামায়েল হোসেন ও আব্দুল সামাদকে খেলিয়েছে। তবে অভিষিক্তদের সেই ব্যর্থতার দিনে লেজ বাঁচিয়েছিলেন ফাহিম আশরাফ (৩৭ রান)। আজ সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান দলে আসতে পারে পরিবর্তন। ৩.১ ওভারে ২৪ রান দেওয়া মোহাম্মদ ওয়াসিমের পরিবর্তে গতি তারকা হ্যারিস রউফকে একাদশে দেখা যেতে পারে। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন বোলিং আক্রমণকে আজ অনেক বেশি ডিসিপ্লিনড হতে হবে, কারণ প্রথম ম্যাচে তারা অতিরিক্ত ১৪টি ‘ওয়াইড’ দিয়েছিল।

মিরপুরের উইকেটে গত ম্যাচে পেসাররা বাড়তি বাউন্স ও মুভমেন্ট পেয়েছেন। আজ যদি একই পিচে খেলা হয়, তবে দুই দলের ফাস্ট বোলাররাই রাজত্ব করবেন। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গত ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও খেলা নির্বিঘ্নে শেষ হয়েছিল। টস জয়ী অধিনায়ক সম্ভবত আজকেও আগে বোলিং করার সিদ্ধান্ত নেবেন।