Image description

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এই ইফতার মাহফিলের আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা জিয়াউর রহমান, আমি এ রকম চিন্তা করি না। আমি যেমন বঙ্গবন্ধুর অবদান সমস্ত অন্তর দিয়ে স্বীকার করি, ঠিক তেমনই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান ওই ভাবেই স্বীকার করি। তাই কী বাদ দেওয়া হলো আর কী রাখা হলো—সেটা বড় কথা না, বড় কথা হলো দেশের মানুষের কাছে কোনটা গ্রহণীয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন—এই দিবসটি পালন করলেও যা হবে, পালন না করলেও তেমনই। এটা যদি বাংলার মানুষের অন্তরে থাকে, সেটাই হবে সার্থকতা। তবে ৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ না। বাঙালির জন্যে, বাঙালির ঐতিহ্য এতে ভূলুণ্ঠিত হবে।’

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হট্টগোল প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘গণতন্ত্র থাকলে হট্টগোল থাকবে। বর্তমান সরকার ঠিক কাজ করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এটা তারেক রহমানের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়। যা লিখে দেয় তা-ই রাষ্ট্রপতিকে পড়তে হয়। এ রাষ্ট্রপতিও তা-ই পড়েছেন। উনি কোনো ভুলভ্রান্তি করেন নাই। যেভাবে দিয়েছেন, সেভাবেই পড়ে দিয়েছেন। আমরা দেখতে চাই, গণতান্ত্রিক পদ্ধতি থাকে কি না, সেখানে দেশের মানুষের সম্মান থাকে কি না, দেশের মানুষের ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব পায় কি না। এ ছাড়া অন্য কিছু চাই না।’

ইফতার মাহফিলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ইদ্রিস শিকদার, মানবিক তুহিন সিদ্দিকীসহ দলীয় অন্যান্য নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।