Image description

বাংলাদেশের ফুটবলে চলছে অত্যন্ত ব্যস্ত সময়। নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে। দুই দিন পর জামাল-হামজাদের এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের জন্য ক্যাম্প শুরু হবে। আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্য আজ বাফুফের জাতীয় দল কমিটি এক সভা করেছে। 

 

কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, '১৬ মার্চ আমাদের ক্যাম্প শুরু হবে। ২১ মার্চ ভিয়েতনাম পৌঁছাবে দল। ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলে ২৭ মার্চ দল সিঙ্গাপুর পৌঁছাবে। ভিয়েতনাম ও সিঙ্গাপুর দুই জায়গায় প্রথম দুই দিন বাফুফের অর্থায়নে হোটেলে থাকবে দল।'

বাংলাদেশ দলের প্রাণভোমরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। তিনি সম্প্রতি ইনজুরিতে পড়েছিলেন। মার্চ উইন্ডোতে বাংলাদেশ দলে খেলা নিয়ে সংশয় ছিল। আজ সভার পর আনুষ্ঠানিকভাবে হামজার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু, 'হামজা ২২ মার্চ ভিয়েতনামে যাবেন সরাসরি। সেখানে ম্যাচ খেলে এরপর সিঙ্গাপুর যাবেন। ৩১ মার্চ সিঙ্গাপুর খেলে পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে যাবেন।'

হামজা চৌধুরী ভিয়েতনামে যোগ দিলেও জামাল ভূইয়া ছাড়া অন্য প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, জায়ান আহমেদ ও সামিত সোম অবশ্য ১৬ মার্চের মধ্যে ক্যাম্পে আসবেন। বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো দল ঘোষণা করেনি। স্কোয়াড নিয়ে বাবু বলেন, 'প্রাথমিক দলে ৩০ জন খেলোয়াড় থাকবে। ভিয়েতনাম যাওয়ার আগে সংবাদ সম্মেলনে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেয়া হবে।'

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ৩১ মার্চ ম্যাচই চুক্তির মেয়াদ শেষ। তিন দফায় প্রায় চার বছরের বেশি সময় কোচিং করানো ক্যাবরেরা ফুটবলাঙ্গনে সমালোচিত। আজ জাতীয় দল কমিটির সভায় ক্যাবরেরা চুক্তি বা মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়নি, 'কোচের চুক্তি নিয়ে কোনো আলাপ হয়নি। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান একটি সভা দেবেন। সেখানে সকল কিছু পর্যালোচনা হবে। আমরা আজ ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। সিঙ্গাপুর ম্যাচের আগে ভালো প্রতিপক্ষ ভিয়েতনামের সাথে আমরা ম্যাচ আয়োজন করেছি। এজন্য ১৬ মার্চ থেকে ক্যাম্প ও ঈদের মধ্যেও কোনো ছুটি রাখা হয়নি।'