Image description

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার মহাকাশে পরমাণু অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক অস্ত্রসজ্জিত স্যাটেলাইট ‘স্পুটনিক-এস’ মহাকাশে পাঠাতে পারে মস্কো। কয়েক বছর আগেই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

উৎক্ষেপণের পর পরই স্যাটেলাইটটি কার্যকর হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে জার্মান সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি ও দেশটির সশস্ত্র বাহিনীর কাছে এ বিষয়ে তথ্য রয়েছে। কয়েক বছর আগেই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছিল।

জার্মানির এনডিআর, ডব্লিউডিআর ও সুডডয়েচে জাইতুং প্রতিবেদনে অনুসারে, দেশটির সশস্ত্র বাহিনী ও ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ‘স্পুটনিক-এস’ স্যাটেলাইটটি কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে এবং মস্কো অঞ্চলে সংরক্ষিত আছে।

 

তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রতিবেদনে বেশ কিছু ‘সম্ভাব্য’ ও ‘অভিযোগভিত্তিক’ দাবি করা হয়েছে। এসব দাবিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

 

বার্লিনে রুশ দূতাবাসও জানিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে তাদের জানা নেই। মস্কোর দাবি, খবরটি ‘ভিত্তিহীন অভিযোগ’। রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।

 

১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি এবং ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র স্থাপন ও মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানো নিষিদ্ধ। ফলে রাশিয়া সত্যিই এমন পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে।

 

এদিকে মহাকাশে সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর উদ্বেগ বাড়ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, মহাকাশের নিরাপত্তাসহ সামগ্রিক প্রতিরক্ষা পরিস্থিতির ওপর নজর রাখছে জোট। ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

 

এর আগেও মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর সক্ষমতাসম্পন্ন অস্ত্র তৈরি করছে মস্কো।

 

এ ধরনের বিস্ফোরণে তীব্র তড়িৎচুম্বকীয় স্পন্দন (ইএমপি) তৈরি হতে পারে। এতে আশপাশের স্যাটেলাইটগুলোর ইলেকট্রনিক ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে স্পেসএক্সের স্টারলিংকের মতো স্যাটেলাইটনির্ভর যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে।

 

চলতি বছরের শুরুতে জার্মান স্পেস কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউটও মহাকাশে পরমাণু বিস্ফোরক মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। তার আশঙ্কা, কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা এক-তৃতীয়াংশ পর্যন্ত স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে যোগাযোগসহ বিভিন্ন স্যাটেলাইটনির্ভর পরিষেবায়।

 

২০২২ সালে রাশিয়ার ‘কসমস ২৫৫৩’ স্যাটেলাইট উৎক্ষেপণের পরও একই ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের দাবি ছিল, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবেই ওই স্যাটেলাইট পরীক্ষা করা হয়ে থাকতে পারে।