Image description
মুঠোফোনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মডেল ‘নকিয়া ১১০’ এবার নতুন রূপে দেশের বাজারে এসেছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে ও চিরচেনা নস্টালজিক ডিজাইনের সমন্বয়ে বাংলাদেশে উৎপাদিত নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’ মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। একবার চার্জে টানা ১৫ দিন সচল থাকা এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
 
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক বিক্রয় প্রতিনিধি সম্মেলনে ফোনটি উন্মোচন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে এইচএমডি বাংলাদেশ ও সেলেক্সট্রার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, নকিয়ার ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিক গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে।
 
নতুন নকিয়া ১১০ পাওয়ারের প্রধান আকর্ষণ হলো এর শক্তিশালী ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নির্মাতাদের দাবি, একবার ফুল চার্জ দিলে ফোনটি অনায়াসে ১৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা এটি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। 
 
ফিচার ফোন হলেও এতে দেওয়া হয়েছে ২ ইঞ্চি সাইজের বড় পর্দা, যা ব্যবহারে বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে। ফোনটির পেছনে ক্যামেরার পাশাপাশি যুক্ত করা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশলাইট, যা অল্প আলোতেও ছবি তুলতে সাহায্য করবে এবং টর্চ হিসেবেও ব্যবহার করা যাবে। 
 
 
 
নকিয়ার পুরোনো গ্রাহকদের নস্টালজিয়ার ছোঁয়া দিতে ফোনটিতে ফিরিয়ে আনা হয়েছে একসময়ের তুমুল জনপ্রিয় ‘স্নেক’ গেম। বর্তমানে নীল, ধূসর ও বেগুনি—এই তিন আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
 
এদিকে আসল ও বৈধ ফোন কিনতে গ্রাহকদের সচেতন করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। ফোনটি আসল কি না তা যাচাই করতে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি লিখে ‘KYD <স্পেস> ১৫ সংখ্যার আইএমইআই নম্বর’ টাইপ করে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ডিভাইসের বৈধতা জানা যাবে।