ব্যবহারকারীদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে সহযোগিতা করতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা এখন চ্যাটের মধ্যেই পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এত দিন জেমিনি ব্যবহার করে লেখা বা তথ্য তৈরি করা গেলেও সেটিকে ব্যবহারযোগ্য ফাইলে রূপ দিতে আলাদা সফটওয়্যারের সহায়তা নিতে হতো। সাধারণত তৈরি করা কনটেন্ট কপি করে ডকুমেন্ট বা স্প্রেডশিট অ্যাপে নিয়ে গিয়ে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা ও বিন্যাস করে সংরক্ষণ করতে হতো। নতুন এই সুবিধায় সেই অতিরিক্ত ধাপ আর থাকছে না।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন একটি নির্দেশনার ভিত্তিতেই পূর্ণাঙ্গ ফাইল তৈরি করতে পারবেন। জেমিনি থেকে সরাসরি পিডিএফ, ওয়ার্ড (ডকএক্স) ও এক্সেল (এক্সএলএসএক্স) ফাইল তৈরি করা যাচ্ছে। পাশাপাশি গুগল ডকস, শিটস ও স্লাইডস তৈরির সুবিধাও যুক্ত হয়েছে। এ ছাড়া সিএসভি, টেক্সট, আরটিএফ, মার্কডাউন ও ল্যাটেক্স ফাইলও তৈরি করা সম্ভব। ফলে ব্যবহারকারীরা এখন লেখা তৈরির পাশাপাশি সরাসরি ফাইল তৈরির নির্দেশনাও দিতে পারবেন।
নতুন যুক্ত করা সুবিধাটি ব্যবহারের প্রক্রিয়াও বেশ সহজ বলে জানিয়েছে গুগল। গুগলের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের নির্দেশনা বিশ্লেষণ করে চ্যাট চালু থাকা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পিডিএফ, ওয়ার্ড ও এক্সেল ফাইল তৈরি করে দেবে জেমিনি। এরপর সেই ফাইল সরাসরি ডাউনলোড বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে।
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ফাইলে সরাসরি এক্সপোর্টের সুবিধা যুক্ত করা হয়নি। আর তাই গুগল স্লাইডসে উপস্থাপনা তৈরি করে সেটিকে পিপিটি ফাইল হিসেবে ডাউনলোড করতে হবে।