Image description
 

নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে বড় শাস্তি পেলো সাবেক ক্রিকেটার ও জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্মকাণ্ডে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ এ ক্রিকেট সংস্থা।

 

রবিবার বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় মঞ্জুরুল ইসলামের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

নারী দলে দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। এরইপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটি জাহানারা আলমের চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা পায়। যেগুলো পেশাদার আচরণ সংক্রান্ত বলে জানা গেছে।

 

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে এবার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে নিষিদ্ধ করলো বিসিবি। যার ফলে বিসিবির অধীনে কোনো চাকরি বা দেশের ক্রিকেটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ হারালো মঞ্জুরুল ইসলাম।