Image description

ক্রিকেটে ১১ নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা থাকে না। তবে সেই ধারণাই বদলে দিলেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। ১১ নম্বরে ব্যাট করতে নেমে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক।

বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফির এলিট গ্রুপ ‘বি’-তে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন উনাদকাট। ২৬ বলে ৪০ রান করেন তিনি। ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এর আগে ২০২০ সালে ১১ নম্বরে নেমে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগস। তার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন উনাদকাট।

শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, দশম উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে ৬২ রানের জুটিও গড়েছেন তিনি। পুরুষদের টি-টুয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে তামিলনাড়ু। সানি সান্ধুর ১৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি আন্দ্রে সিদ্ধার্থ ৩৮, বালাসুব্রহ্মণ্যম শচীন ৩৭ এবং আর রাজকুমার ৩৬ রান করেন। জবাবে সৌরাষ্ট্রের লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান।

রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সৌরাষ্ট্র। প্রথম ওভারেই বিশ্বরাজ জাদেজাকে ফিরিয়ে দেন সান্ধু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আর সাই কিশোর ৪৩ রানে ৪ উইকেট এবং সান্ধু ১৯ রানে ৩ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের ব্যাটিং লাইনআপে ধস নামান।

একপর্যায়ে ৯২ রানেই ৯ উইকেট হারিয়ে বসে সৌরাষ্ট্র। জয়ের জন্য তখনো প্রয়োজন ১০১ রান। পরে সাকারিয়াকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন উনাদকাত। তবে রেকর্ড গড়েও দলকে জেতাতে পারেননি। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে ম্যাচ হারে তারা।

পুরুষদের টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এখন উনাদকাটের। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডমিনিক ড্রেকস। ২০১৯ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে অপরাজিত ৩৪ রান করেছিলেন তিনি। চতুর্থ স্থানে মাল্টার বিপক্ষে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলা বেলজিয়ামের খালিদ আহমাদি। পঞ্চম স্থানে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান, ২০১৮ সালে ব্রিসবেন হিটের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে করেছিলেন ২৭ রান।

অন্যদিকে উনাদকাট ও সাকারিয়ার ৬২ রানের জুটি দশম উইকেটে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ সালে পানামার হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেঙ্গার আহির ও নিকুঞ্জ আহিরও ৬২ রান যোগ করেছিলেন। এই তালিকার সর্বোচ্চ জুটিটি ৬৩ রানের। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্র্যান্ট এলিয়ট ও জুলফিকার বাবর গড়েছিলেন সেই রেকর্ড।