সারাদেশে আগামী রোববার পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববার সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ওই দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ দিকে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।