হরমুজ প্রণালির কাছে হেনগাম দ্বীপের আশপাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে সতর্কতামূলক গুলি চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়ায় যুদ্ধবিমানটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল মার্কিন যুদ্ধবিমানটি। সমুদ্র চলাচলের নিয়ম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশ থেকে নিরাপত্তা দিতে সেটি সেখানে অবস্থান করছিল।
বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক প্রতিক্রিয়ার পর যুদ্ধবিমানটি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে সমুদ্রপথে চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। মার্কিন সামরিক উড়োজাহাজের পক্ষ থেকে এ ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে ‘নির্ণায়ক প্রতিরক্ষামূলক’ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
আইআরজিসির এ বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন কর্মকর্তারা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।
হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে পাকিস্তানের মধ্যস্থতায় ১৮ জুন সই হওয়া সমঝোতা স্মারকটি কার্যত স্থবির হয়ে পড়ে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে মাঝেমধ্যে সামরিক সংঘাত আবারও শুরু হয়েছে।