বল হাতে জেমি ওভারটনের বিধ্বংসী স্পেল, এরপর ব্যাট হাতে আনেইরিন ডোনাল্ড ও জর্ডান কক্সের ঝড়। ব্রিসবেনে ইংল্যান্ডের দাপটের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। স্বাগতিকদের মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে নয় ওভারও লাগেনি ইংলিশদের। টানা দুই জয়ে এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হ্যারি ব্রুকের দল।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১১ রান করে ফিরলেও দ্রুত রান তুলছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক ও স্যাম হার্পার। তবে ১৪ বলে ২৬ রান করা হার্পারকে ফিরিয়ে ইংল্যান্ডকে সাফল্য এনে দেন লিয়াম ডসন। এরপর শুরু হয় ওভারটনের দাপট।
১১ বলে ২২ রান করা ফ্রেজার-ম্যাগার্ককে ফিরিয়ে উইকেট শিকারের শুরু করেন এই ইংলিশ পেসার। একে একে তার শিকার হন টিম ডেভিড, জোয়েল ডেভিস, নিখিল চৌধুরী ও বেন ডোয়ারশুইস।
চার ওভারে মাত্র ১২ রান খরচায় পাঁচ উইকেট নেন ওভারটন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম পাঁচ উইকেট শিকার। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং ফিগারও এটি।
অস্ট্রেলিয়ার হয়ে শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিচেল ওয়েন। তবে ১৭ রান করে তিনিও রানআউটের শিকার হন। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আগে ব্যাটিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
ওভারটনের পাঁচ উইকেটের পাশাপাশি ১৬ রান খরচায় তিন উইকেট নেন ডসন। একটি উইকেট পান স্যাম কারান।
রান তাড়ায় নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন আনেইরিন ডোনাল্ড। মাত্র ১৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩২ রান করেন এই ওপেনার। তবে দলীয় ৪৯ রানের মধ্যেই ডোনাল্ড, ফিল সল্ট ও হ্যারি ব্রুককে ফেরান রাইলি মেরেডিথ।
এরপর টম ব্যান্টনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জর্ডান কক্স। বৃষ্টির কারণে ইংল্যান্ডের সামনে সংশোধিত লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৯৩ রান। মাত্র ৮.৫ ওভারেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা। ১৪ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কক্স। ব্যান্টন অপরাজিত থাকেন ১০ রানে। ম্যাচসেরা হন ওভারটন।
আগামী রোববার (২৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় শুরু হবে ম্যাচটি। সেখানে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে ইংল্যান্ড।