Image description

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার। রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, রানা এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, তাই পুরোপুরি সেরে উঠতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

দীর্ঘ বিরতির পর নাহিদ রানাকে যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট, ঠিক তখনই এই নতুন ধাক্কা এলো।

 
 
 

কাঁধের (ল্যাব্রাম) চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া রানা সম্প্রতি অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দেশে ফেরেন। সেখানে খ্যাতনামা চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছিল। এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে পারেননি এই পেসার।

 

পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে নিতম্বের (গ্লুট) নতুন চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান রানা। এরপর কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও তার খেলা হয়নি।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে টেনিস এলবোর পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায় ছিটকে যাওয়া আরেক ফাস্ট বোলার হাসান মাহমুদ অধিকতর চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন। জানা গেছে, গত মৌসুমে ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে দারুণ পারফর্ম করে দলটিকে প্রমোশন এনে দেওয়া হাসানের চিকিৎসার ব্যাপারে ক্লাবটি বেশ আগ্রহী। বিসিবি সূত্র জানিয়েছে, তার ইংল্যান্ড সফরের যাবতীয় ব্যবস্থা করছে কেন্ট।

সূত্র: ক্রিকবাজ