বাংলাদেশের জার্সিতে এর আগে ১১টি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে কখনও মাঠে নামা হয়নি তার। এবার সেই অপেক্ষারও অবসান হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন হামজা। শুধু তাই নয়, দলীয় সূত্রের খবর, বুধবার তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড। একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
বাংলাদেশের একাদশে এসেছে মোট তিনটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও বিশ্বনাথ ঘোষ মূলত পরীক্ষিত ডিফেন্ডার। ওই ম্যাচের পরদিন অনুশীলনে পায়ে ব্যথা পান তিনি। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বনাথ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি।
এছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় খেলবেন ফারহান আলী ওয়াহিদ। আর জামাল ভূঁইয়ার পরিবর্তে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী।
এবারের সাফে বাংলাদেশের অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত হয়েছিলেন তপু বর্মণ। কিন্তু প্রথম ম্যাচের দিন ওয়ার্ম-আপে চোট পেয়ে ছিটকে যান তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।
এবার হামজার একাদশে ফেরার সঙ্গে নেতৃত্বের দায়িত্বও যাচ্ছে তার হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে এর আগে কখনো মাঠে নামেননি তিনি।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।