কক্সবাজারের ‘টেলিগ্রাম নিউজ’ নামে একটি মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের কার্যালয় কোথায়, তা জানতে চেয়ে সেটি পুড়িয়ে দেওয়ার কথা লিখেছেন রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক।
আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ‘থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শেখানোর’ কথাও লেখেন তিনি।
এর কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে আজীবনের জন্য বহিষ্কার করে কক্সবাজার জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, মোর্শেদুল হককে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে ফেসবুক পোস্টটির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেসবুক পোস্টে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়?? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কী জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পর দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’
পোস্টটি নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, ‘তার হয়তো মানসিক সমস্যা আছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
জেলা ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোর্শেদুল হককে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে দেওয়া ফেসবুক পোস্টের বিষয়ে মোর্শেদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।