Image description
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।
 
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
রুলে জানতে চাওয়া হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়ে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে দুদকের দেয়া বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১-এর লঙ্ঘন হওয়ায় কেন সংশ্লিষ্ট প্রেস ব্রিফিংগুলোকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং একই সঙ্গে কোনো অনুসন্ধান বা তদন্ত চলমান থাকা অবস্থায় সংবিধানের ৩১ অনুচ্ছেদে সুরক্ষিত নাগরিকের সুনাম ও মর্যাদার অধিকার ও আন্তর্জাতিক ফৌজদারি আইনের মানদণ্ডের লঙ্ঘন করে প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশ কেন দেয়া হবে না।
 
আসিফ মাহমুদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইউসুফ আলী, জহিরুল ইসলাম মুসা, মুস্তাফিজুর রহমান, মুহা. এরশাদুল বারী খন্দকার এবং মোস্তফা আসগর শরীফীসহ ন্যাশনাল ল'ইয়ার্স‌‌‌ অ্যালায়েন্সের আইনজীবী নেতৃবৃন্দ।
 
 
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্ট বিভাগে এ রিট দায়ের করেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই দুদকের পক্ষ থেকে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার ঘোষণা দেয়া এবং পরবর্তী সময়ে আরও কিছু অপ্রমাণিত অভিযোগ জনসমক্ষে প্রচারের মাধ্যমে তার সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।
জাতীয় খবর
 
রিটে যুক্তি দেখানো হয়, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করা যেমন দুদকের দায়িত্ব, তেমনি অনুসন্ধানাধীন অভিযোগের বিষয়ে আগাম সিদ্ধান্তমূলক বক্তব্য দিয়ে কাউকে জনসমক্ষে অপরাধী হিসেবে উপস্থাপন করার এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এ ধরনের প্রচার সংবিধানের ৩১ অনুচ্ছেদে সুরক্ষিত নাগরিকের মর্যাদা ও সুনামের অধিকার এবং ন্যায়বিচারের স্বীকৃত নীতির পরিপন্থী।
 
আসিফ মাহমুদ মনে করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা প্রয়োগ অবশ্যই সংবিধান ও আইনের সীমার মধ্যে থাকতে হবে। অভিযোগের অনুসন্ধান ও অপরাধ প্রমাণের মধ্যে আইনি পার্থক্য বজায় রাখা এবং অনুসন্ধানাধীন বিষয়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য।
 
হাইকোর্টের এই রুলকে সাংবিধানিক অধিকার সুরক্ষা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন আসিফ মাহমুদ। তিনি আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির ন্যায়সংগত নিষ্পত্তি প্রত্যাশা করেন।