বাবা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঠিক দুদিন আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। সৌদি ক্লাব আল নাসরের যুব দল থেকে উঠে আসা ১৬ বছর বয়সী এই তরুণের উত্থানে ফুটবল বিশ্ব স্বাভাবিকভাবেই তার বাবার ছায়া দেখতে পাচ্ছে।
রোনালদো জুনিয়রের উচ্চতা ইতিমধ্যে ৬ ফুট ৩ ইঞ্চি—অর্থাৎ, এখনই বাবার চেয়ে উঁচু! বাবার মতোই গোল করার দারুণ ক্ষুধা রয়েছে তার মধ্যে। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর বিশাল জুতোয় পা গলানো যে সহজ কথা নয়, তা বলা বাহুল্য।
২০০৩ সালে ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করে পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন সিআরসেভেন। এবার যুব ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অ্যান্ডোরার বিরুদ্ধে নিজের অধ্যায় শুরু করতে যাচ্ছেন জুনিয়র রোনালদো, সামনে অপেক্ষা করছে বুলগেরিয়া ও সার্বিয়ার পরীক্ষা।
ফুটবলের কোনো মহামানবের কোল আলো করে এসে নিজের পথ তৈরি করার ঘটনা এই প্রথম নয়। বাবার বিশাল ছায়া ডিঙ্গাতে অনেকে হিমশিম খেলেও, অনেকে আবার মাঠ মাতিয়ে গড়েছেন নিজেদের পরিচয়। ফুটবল মাঠের এমনই কিছু বিখ্যাত পারিবারিক ফুটবল ঐতিহ্যের ধারার কথা জেনে নেওয়া যাক—
চেজারে, পাওলো এবং দানিয়েল মালদিনি
এসি মিলানের ঐতিহাসিক লাল-কালো জার্সিতে ইতালি ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন পাওলো মালদিনি। দেশের হয়ে খেলেছেন ১০০টিরও বেশি ম্যাচ। তার বাবা চেজারে মালদিনিও এসি মিলানের অন্যতম তারকা ছিলেন। এবার সেই ঐতিহ্য টেনে নিয়ে যাচ্ছেন পাওলোর ছেলে দানিয়েল মালদিনি। বর্তমানে কালিয়ারিতে খেলা এই মিডফিল্ডার আজ্জুরিদের হয়ে খেলে ফেলেছেন ৯টি ম্যাচ।
ইয়োহান ও জর্দি ক্রুইফ
ডাচ ফুটবলের মহাজাদুকর ইয়োহান ক্রুইফের ছেলে হওয়া মোটেই সহজ কাজ ছিল না। বাবার মতো একদম চূড়ায় পৌঁছাতে না পারলেও জর্দি ক্রুইফ গড়েছিলেন ঈর্ষণীয় এক ক্যারিয়ার। বার্সেলোনা—যেখানে তার বাবা কোচ ছিলেন—এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন তিনি।
দিয়েগো ও হুলিয়ান সিমিওনে
আর্জেন্টিনার লড়াকু মিডফিল্ডার হিসেবে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন দিয়েগো সিমিওনে। প্লেয়ার হিসেবে দুই দফায় খেলেছেন আতলেতিকো মাদ্রিদে, আর ২০১১ সাল থেকে সামলাচ্ছেন একই দলের কোচের দায়িত্ব। তার ছেলেও হেঁটেছেন বাবার পথে। জিওভানি ও জিয়ানলুকার পর ভাইদের মধ্যে আরেকজন—হুলিয়ান সিমিওনে নিজের মধ্যে ধারণ করেছেন বাবার সেই জেদি ও লড়াকু ফুটবল সত্তা। আতলেতিকোর এই ফরোয়ার্ড ২০২৬ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ দলেরও অংশ ছিলেন।
জর্জ ও টিমোথি ওয়িয়াহ
আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলারদের একজন জর্জ ওয়িয়াহ। ১৯৯৫ সালে ব্যালন ডি'অর জেতা লাইবেরিয়ার এই সাবেক স্ট্রাইকার এসি মিলানে পাওলো মালদিনির সঙ্গে মাঠ কাঁপিয়েছেন। অন্যদিকে তার ছেলে, নিউ ইয়র্কে জন্ম নেওয়া টিমোথি ওয়িয়াহ ২০১৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নিয়মিত মুখ। জুভেন্টাস থেকে ধারে বর্তমানে মার্শেইতে খেলছেন এই ফরোয়ার্ড।
আলফ-ইঙ্গে হালান্ড ও আর্লিং হালান্ড
বাবা আলফ-ইঙ্গে হালাণ্ড ছিলেন নরওয়ের এক কঠোর মিডফিল্ডার। নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিতে খেলে বেশ একটা জনপ্রিয়তা গড়ে তুলেছিলেন। কিন্তু ছেলে আর্লিং হালান্ড যেন ছাড়িয়ে গেছেন সবকিছুকে! ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে হয়ে উঠেছেন গোলমেশিন। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির হয়ে ইতিমধ্যে ১৪২ প্রিমিয়ার লিগ ম্যাচে খেলে ১২১টি গোল ঝুলিতে পুরেছেন এই তারকা।
পিটার ও ক্যাসপার স্মাইকেল
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের নিচে পিটার স্মাইকেল মানেই ছিল যেন চীনের প্রাচীর! প্রিমিয়ার লিগের ৫টি শিরোপার পাশাপাশি ১৯৯২ সালে ডেনমার্ককে উপহার দিয়েছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ছেলেও কম যাননি; ডেনমার্কের ঐতিহ্যবাহী এক নম্বর জার্সিটা দীর্ঘদিন নিজের দখলে রাখার পাশাপাশি ক্যাসপার স্মাইকেলের ক্লাব ক্যারিয়ারের সেরা অধ্যায় লেখা হয় ২০১৬ সালে, যখন তার রূপকথার পারফরম্যান্সে লেস্টার সিটির হাতে ওঠে প্রিমিয়ার লিগের শিরোপা।
লিলিয়ান ও মার্কাস তুরাম
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজীয় দলের ডিফেন্সের আসল স্তম্ভ ছিলেন লিলিয়ান তুরাম। আর তার ছেলে মার্কাস তুরাম এই মুহূর্তে ইন্টার মিলানের গোলমেশিন। বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে উঠে আসা এই ফরোয়ার্ড ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে ছিলেন ফরাসি দলের অন্যতম সেরা অস্ত্র।