ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আসন্ন সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।
আগামী বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। এর মধ্যেই কোচিং প্যানেলে এই পরিবর্তন আনল বিসিবি।
আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। তবে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বোর্ডের অন্য কোনো বিভাগে দায়িত্ব পালন করবেন তিনি।
গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সাথে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার জায়গায় দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাউদ্দিন।