মাঠে লাল কার্ড দেখার পর এবার বড় শাস্তির মুখে পড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার ঘটনায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে চলতি মাসে বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে খেলা হচ্ছে না তার।
বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুসের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরায় অসদাচরণের জন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। লাল কার্ড দেখানোর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর কারণে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ফরোয়ার্ড।
ঘটনাটি ঘটে ম্যাচের এমন এক মুহূর্তে, যখন জুড বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেছেন বলে মনে হচ্ছিল ভিনিসিয়ুস। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল হয়। চুল টানার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।
মৌসুমের শুরু থেকেই ছন্দ খুঁজছেন ভিনিসিয়ুস। ক্লাবের হয়ে এখন পর্যন্ত গোল করেছেন মাত্র একটি। ভিয়ারিয়ালের বিপক্ষেও তাকে প্রথম একাদশে রাখেননি প্রধান কোচ হোসে মরিনহো।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয়ের পর নিষেধাজ্ঞা ঘোষণার জন্য বেছে নেওয়া সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ভিনিসিয়ুস। একই সঙ্গে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে কখনো সহিংস আচরণ করেননি বলেও দাবি করেছেন তিনি।
ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার জন্য তাদের হাতে সারাটা দিন ছিল। অথচ আমরা স্টেডিয়ামে পৌঁছানোর পরই আমাকে জানানো হলো, লিগের চারটি ম্যাচে খেলতে পারব না।’
চুল টানার ঘটনাটির নিয়ম নিয়ে আগে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলেও অভিযোগ তার। ভিনিসিয়ুস বলেন, ‘চুল টানার বিষয়টি নিয়ে আমাদের কখনো ব্যাখ্যা দেওয়া হয়নি। লা লিগা ও রেফারিদের সংগঠন থেকে কেউ নিয়ম ব্যাখ্যা করতে আসেন, কিন্তু এই নির্দিষ্ট বিষয়টি কখনো ব্যাখ্যা করা হয়নি। আমার জন্য এটা সরাসরি লাল কার্ড- ব্যাপারটা এতটুকুই। আমি কখনো অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে সহিংস আচরণ করিনি। আমাকে অনেক সময় আঘাত করা হয়, অথচ শেষ পর্যন্ত কার্ড দেখি আমিই।’
তবে এই নিষেধাজ্ঞা শুধু স্পেনের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হবে। ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার ক্ষেত্রে বাধা নেই ভিনিসিয়ুসের। রোমার বিপক্ষে বুধবারের ম্যাচে তাকে প্রথম একাদশে রাখেন মরিনহো। আগামী ২১ অক্টোবর আরবি লাইপজিগ এবং ৪ নভেম্বর এইকে-এর বিপক্ষেও খেলতে পারবেন তিনি।