Image description

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরবে হুতি হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহম্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।

তবে জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসা যাবে বলে জানিয়েছে বিমান।

সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।