Image description

অস্ট্রেলিয়ার জয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচটিই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়ে পরিণত হলো। ডারবানে প্রথম ওয়ানডে ৬৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা।

লক্ষ্য ছিল ২৯৮ রানের। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ১২৯ রান। সেখান থেকে অবিশ্বাস্য ধস নামে তাদের ইনিংসে। মাত্র ১০১ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে ম্যাচটি হেরেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ছিলেন জয়ের মূল কারিগর। ৯.২ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। তার সঙ্গে কার্যকর ভূমিকা রাখেন বিজর্ন ফর্টুইন ও করবিন বোশ। দুজনই নেন দুটি করে উইকেট।

বল হাতে বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে মার্কো জানসেন ও ব্রিটজকের অসাধারণ ক্যাচ অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস ত্বরান্বিত করে। ম্যাচের শুরুতে দুজনের দুর্দান্ত জুটি দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছিল, পরে ফিল্ডিংয়েও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে নিয়ন্ত্রণে থাকা ম্যাচ মাত্র কয়েক ওভারের ব্যবধানে হাতছাড়া করে অস্ট্রেলিয়া। ১৬ ওভারে ১ উইকেটে ১২৯ থেকে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৪১.২ ওভারে ২৩০ রানে। ওপেনার মিচেল মার্শের ৩৬ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসটি গেছে বিফলে। এছাড়া ম্যাট রেনশ ৪৪ আর কুপার কনোলি করেন ৩৮ রান।

এর আগে ম্যাথিউ ব্রিটজকের সেঞ্চুরি আর মার্কো জানসেনের ঝড়ো ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

ডারবানের কন্ডিশন শুরুতে পক্ষে ছিল না। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দক্ষিণ আফ্রিকার টপঅর্ডার ধুঁকেছে। ১৬৮ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট। তবে ম্যাথিউ ব্রিটজকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। পরে ঝড় তোলেন মার্কো জানসেন।

বিজ্ঞাপন

১৪ ওভারে ১০৭ রান যোগ করে দেন এই যুগল। তাতেই সিরিজের প্রথম ওয়ানডেতে তিনশ ছুঁইছুঁই পুঁজি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার টনি ডি জর্জিকে (০) হারায় দক্ষিণ আফ্রিকা। আরেক ওপেনার কুইন্টন ডি ককও (১৪) সুবিধা করতে পারেননি। টেম্বা বাভুমা (৩০) আর রায়ান রিকেলটন (২৭) আউট হন সেট হয়ে। এরপর ডেভিড মিলার ২৫ বলে ৯ করে ফিরলে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

ষষ্ঠ উইকেট ব্রিটজকে আর জানসেন দলের হাল ধরেন। তাদের ১০৭ রানের জুটিতেই বিপদ কাটিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

রানআউট হওয়ার আগে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ব্রিটজকে খেলেন ১১২ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

মার্কো জানসেন ৫৯ বলেই করেন ৭৫ রান, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান দীর্ঘকায় এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩টি আর অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট।