Image description

২০০৩ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর পেরিয়েছে ২৩ বছর। দীর্ঘ এই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট খেলার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। আর প্রত্যাবর্তনেই ক্রিকেটবিশ্বকে চমকে দেয় বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় টাইগাররা।

এবার আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় শনিবার সকাল থেকে ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আর এই টেস্টেই বাংলাদেশের সামনে এমন এক বিরল অর্জন হাতছানি দিচ্ছে, যা গত ১৩৯ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো দল করতে পারেনি। বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা।

ঘরের মাঠে সর্বশেষ ১৮৮৭ সালে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সেই অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ১৩৯ বছর। এই দীর্ঘ সময়ে নিজেদের মাটিতে একাধিক ম্যাচের ১১০টি টেস্ট সিরিজ খেলেছে অজিরা, কিন্তু একবারও সিরিজে সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়নি স্বাগতিকরা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার আধিপত্যের চিত্র সাম্প্রতিক সময়েও স্পষ্ট। গত ১০ বছরে ঘরের মাঠে খেলা ১৩টি টেস্ট সিরিজের মধ্যে মাত্র দুটিতে সিরিজ হেরেছে তারা। ২০১৮ ও ২০২০ সালে দুবারই ভারতের বিপক্ষে হেরেছিল তারা। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া। বাকি ১০ সিরিজই নিজেদের করে নেয় তারা।

সেই অস্ট্রেলিয়াই এবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছে। ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাসের দরজা খুলে দিয়েছে টাইগাররা। এখন ম্যাকাইয়ে আরেকটি জয় মানেই ১৩৯ বছরের অচলায়তন ভেঙে নতুন ইতিহাস লেখা।