বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে লামিনে ইয়ামালের। এবার স্পেনের তরুণ তারকার সামনে নিজের দেওয়া এক অদ্ভুত প্রতিশ্রুতি পালনের সময়। বিশ্বকাপ জিতলে টানা তিন সপ্তাহ দাড়ি ও গোঁফ কাটবেন না বলে জানিয়েছিলেন তিনি।
টুর্নামেন্ট শুরুর আগে নিজের ইউটিউব চ্যানেলে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন ইয়ামাল। সেখানেই বিশ্বকাপ জিতলে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, তিন সপ্তাহ দাড়ি ও গোঁফ বাড়তে দেবেন।
মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে সাধারণত দাড়ি-গোঁফ ছাড়া পরিচ্ছন্ন চেহারাতেই দেখা গেছে ইয়ামালকে। ফলে তার প্রতিশ্রুত চেহারাটি কেমন হবে, তা নিয়েও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ইয়ামালের প্রতিশ্রুতি শুধু দাড়ি-গোঁফ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বকাপ জিতলে নিজের ১০০ ভক্তের মধ্যে হেডফোন বিলিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। হেডফোনগুলোর সম্মিলিত মূল্য প্রায় ৩৫ হাজার পাউন্ড বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্ট।
স্পেন বিশ্বকাপ জেতার পর এখন ইয়ামালের দুটি প্রতিশ্রুতিই আলোচনায় এসেছে। তবে ফাইনালের পর এখন পর্যন্ত দাড়ি-গোঁফ রাখা কিংবা হেডফোন দেওয়ার বিষয়ে নতুন করে কিছু জানাননি ১৯ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফিসহ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইয়ামাল। সেখানে প্রায় সবকিছু জিতে ফেলার কথা লিখলেও নিজের প্রতিশ্রুতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ফলে তিন সপ্তাহ দাড়ি না কাটার কথা তিনি রাখবেন কি না, সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের।
নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন। নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।
নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জিতলেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন বার্সেলোনার এই উইঙ্গার। এবার বিশ্বকাপ ট্রফিও যোগ হলো তার অর্জনের তালিকায়। মাঠের প্রতিশ্রুতি পূরণ করার পর এখন নিজের মুখের প্রতিশ্রুতি পালনের পালা ইয়ামালের।