বিশ্বজুড়ে গেমারদের বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ-৬)। প্রায় এক দশকের বেশি সময় ধরে ডেভেলপমেন্ট চলতে থাকা গেমটি আগামী ১৯ নভেম্বর প্রথমে প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এস-এ মুক্তি পেতে চলছে। তবে পিসি সংস্করণের কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আগের ধারা অনুযায়ী বিশ্লেষকদের ধারণা, কনসোল সংস্করণের এক থেকে দেড় বছর পর গেমটি পিসিতে আসতে পারে। এরই মধ্যে প্রযুক্তি মহলে নতুন আলোচনা শুরু হয়েছে—অফিশিয়াল পিসি সংস্করণ আসার আগেই কি এমুলেটরের মাধ্যমে কম্পিউটারে জিটিএ-৬ চালানো সম্ভব হবে?
মার্কেট রিসার্চ ফার্ম নিউজুর তথ্য অনুযায়ী, গত ২৫ জুন থেকে প্রি-অর্ডার শুরু হওয়ার প্রথম সপ্তাহেই জিটিএ-৬ বিশ্বজুড়ে প্রায় ২৬ কোটি ডলারের বেশি বিক্রি হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে সফল প্রি-অর্ডার ক্যাম্পেইন রেকর্ড। বিশ্বজুড়ে কনসোল সংস্করণের প্রি-অর্ডার উন্মাদনার মধ্যেই পিসি গেমারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে অফিসিয়াল রিলিজের আগেই এমুলেটরের মাধ্যমে জিটিএ-৬ খেলার সম্ভাবনা। এমুলেটর এমন একটি সফটওয়্যার, যা একটি প্ল্যাটফর্মের হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেমের পরিবেশ অন্য প্ল্যাটফর্মে অনুকরণ বা এমুলেট করতে পারে। সহজভাবে বললে, এটি কনসোলের জন্য তৈরি গেমকে নির্দিষ্ট শর্তে কম্পিউটারে চালানোর সুযোগ তৈরি করে কনসোলের কার্যপ্রণালি সফটওয়্যারের মাধ্যমে অনুকরণ করে।
বর্তমানে শার্পএমু, আরপিসিএসএক্স এবং কেওয়াইটিওয়াই-এর মতো প্লে-স্টেশন ৫ এমুলেটর প্রকল্প দ্রুত অগ্রগতি করছে এবং এই সম্ভাবনার বাস্তবায়নে আশা যোগাচ্ছে। এর মধ্যে শার্প এমু প্রচলিত এমুলেটরের পরিবর্তে একটি ট্রান্সলেশন লেয়ার হিসেবে কাজ করে এবং ইতোমধ্যে কিছু টু-ডি ও সীমিত সংখ্যক থ্রি-ডি পিএস-৫ গেম চালাতে সক্ষম হয়েছে। অন্যদিকে কেওয়াইটিওয়াই কয়েকটি বাণিজ্যিক পিএস-৫ গেম সফলভাবে বুট করতে পেরেছে, যদিও সেগুলো এখনও পূর্ণাঙ্গভাবে খেলার উপযোগী নয়। আরপিসিএসএক্স-ও পিএস-৫ আর্কিটেকচার নিয়ে গবেষণার মাধ্যমে এমুলেশন প্রযুক্তিকে দ্রুত এগিয়ে নিচ্ছে। এসব অগ্রগতির কারণেই জিটিএ-৬ ভবিষ্যতে এমুলেটরে চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাবনা এখনও বাস্তবতা থেকে অনেক দূরে। জিটিএ-৬ -এর মতো বিশাল ওপেন-ওয়ার্ল্ড গেমে উন্নত রে ট্রেসিং, জটিল এআই সিস্টেম, বিশাল ম্যাপ এবং প্লে স্টেশনের কাস্টম হার্ডওয়্যারের পূর্ণ সুবিধা ব্যবহার করা হয়েছে। ফলে এমুলেটরের মাধ্যমে গেমটি স্থিতিশীলভাবে চালাতে আরও দীর্ঘ সময় লাগতে পারে। বর্তমানে এমুলেটরগুলো মূলত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বেশিরভাগ পিএস-৫ গেমই এখনও পূর্ণ গতিতে চালানো সম্ভব হচ্ছে না।
এদিকে সাবেক রকস্টার প্রযোজক জন রিকিও জানিয়েছেন, পিসি সংস্করণ দেরিতে আনার কারণ—উন্নয়ন প্রক্রিয়ায় প্রথমে কনসোল সংস্করণকে অগ্রাধিকার দেওয়া। বিভিন্ন ধরনের পিসি হার্ডওয়্যারের জন্য আলাদাভাবে গেম অপটিমাইজ করতে অতিরিক্ত সময় ও অর্থায়ন প্রয়োজন হয় বলেই রকস্টার সাধারণত কনসোল সংস্করণের ১ থেকে ২বছর পরে পিসিতে প্রকাশ করে।