Image description

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার ঠিক আগের একটি মুহূর্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে অনেকের দাবি, শট নেওয়ার আগে তিনি দুবার ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। যদিও পরে তাদের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এরপর পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক নিতে যাওয়ার আগে রোনালদোকে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায়। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ১-১ সমতা ফেরান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই গোলের মাধ্যমে নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরাও কাটান তিনি।

পেনাল্টি নেওয়ার আগের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী দাবি করেন, শটটি নেওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদো আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) উচ্চারণ করেছেন।

একজন ব্যবহারকারী লেখেন, ‘সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে “বিসমিল্লাহ” বলতে দেখা গেছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘শট নেওয়ার আগে তিনি দুবার “বিসমিল্লাহ” বলেছেন।’ একই ধরনের দাবি করেছেন আরও অনেক নেটিজেন।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোকে বিভিন্ন ইসলামিক সংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জনও ছড়িয়েছে।

এর আগে সৌদি প্রো লিগে ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে তাকে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করতে দেখা গেছে বলেও দাবি ওঠে। তবে এ বিষয়ে কখনোই রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। ফলে ওই মুহূর্তে তিনি ঠিক কী বলেছিলেন, সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়।