Image description

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আজ নেত্রকোনার মোহনগঞ্জ সফরে যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (৩ জুলাই) দুই প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। তাদের আগমন উপলক্ষে মোহনগঞ্জ ও হাওরাঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্ত করবেন দুই প্রতিমন্ত্রী। পরে তেঁতুলিয়া ট্রলারঘাটসংলগ্ন এলাকায় আরও একটি পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নেবেন তারা।

এছাড়া মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, ডাকবাংলো এবং মোহনগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করবেন। পরে বারহাট্টা ও নেত্রকোনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে শহরের সার্কিট হাউসে অবস্থান করবেন। সফর শেষে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণয়েন বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে হাওরাঞ্চলের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের এই সফরের মাধ্যমে হাওরের জেলে ও মৎস্যনির্ভর মানুষের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘হাওর দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হলেও দীর্ঘদিন ধরে অবাধে কারেন্ট জাল, খনা জাল ও চায়না জালের ব্যবহারসহ নানা কারণে দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্তির পথে। আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নেই। পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা গেলে হাওরে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব হবে।’