Image description

বিশ্বকাপে মেসিকে নিয়ে করা একটি মন্তব্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আরেক কিংবদন্তি রোমারিওর সাথে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়; এমন কথা তিনি কখনো বলেননি।

 

একটি স্প্যানিশ গণমাধ্যম রোনালদোর নামে এই মন্তব্যটি প্রচার করেছিল। বিষয়টি নিয়ে সরাসরি বন্ধুর কাছে জানতে চান রোমারিও।

তিনি জিজ্ঞেস করেন, ‘মেসি সর্বকালের সেরা..এই আজেবাজে কথার মানে কী?’

 

রোমারিওর প্রশ্নের জবাবে রোনালদো জানান, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার নামে এমন কথা ছড়িয়ে পড়তে দেখে তিনি সাধারণ মানুষের মতোই অবাক হয়েছিলেন। রোনালদো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে।

আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি এই কথার উৎস কোথায়। আসলে বার্সেলোনার পত্রিকা “মুন্দো দেপোর্তিভো” আমার একটি ভুয়া সাক্ষাৎকার বানিয়ে প্রচার করেছিল।
সেখানে তারা আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেয়।’

 

এই বিতর্কের শুরু হয় যখন চলমান বিশ্বকাপে গোলদাতার তালিকায় রোনালদোকে ছাড়িয়ে যান মেসি। তখন বেশ কিছু গণমাধ্যম দাবি করে যে, স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো মেসিকে সর্বকালের সেরা বলেছেন।

রোনালদোর নামে যে ভুয়া উক্তিটি ছড়ানো হয়েছিল তা ছিল, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্যটি মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

খবরটি প্রকাশের পরপরই সাবেক এই তারকা স্ট্রাইকারের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সেই সাক্ষাৎকারের বিষয়টি অস্বীকার করেন। তারা স্পষ্ট জানান যে, রোনালদো ওই স্প্যানিশ সংবাদমাধ্যমের সাথে কোনো কথাই বলেননি।

যদিও তিনি মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি, তবে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা মেসির প্রতি তার মুগ্ধতা কখনো আড়াল করেননি। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড মেসি ভেঙে দেওয়ার পর রোনালদো একটি ভিডিও বার্তায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীকে অভিনন্দন জানিয়েছিলেন।

সেই বার্তায় রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’