ফুটবল মাঠে কেপ ভার্দের ফরোয়ার্ড হেলিও ভারেলা যখন উরুগুয়ের জালে বল জড়ালেন, তখন তা আফ্রিকার এই দেশটির ফুটবল ইতিহাসে এক রূপকথার জন্ম দিচ্ছিল। কিন্তু মায়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে থাকা এক যুগলের জন্য সেই মুহূর্তটি শুধু ফুটবলের জয়গাথা হয়ে থাকেনি, তা রূপ নিয়েছে জীবনের সবচেয়ে মধুর স্মৃতিতে।
ঠিক যে মুহূর্তে ভ্যারেলা উরুগুয়ের জাল কাঁপালেন এবং গ্যালারিতে কেপ ভার্দের হাজার হাজার সমর্থক বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন, ঠিক সেই সেকেন্ডেই গ্যালারির এক সমর্থক উল্লাসের মাঝে হাঁটু গেড়ে বসে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব (প্রপোজ) দিয়ে বসেন!
আশেপাশে থাকা অন্যান্য সমর্থকদের ক্যামেরায় এই অভূতপূর্ব দৃশ্যটি ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুরো গ্যালারি যখন টুর্নামেন্টে টিকে থাকার সমতাসূচক গোলের আনন্দে কাঁপছিল, ঠিক তখনই চারপাশের এই প্রচণ্ড উন্মাদনার মাঝে প্রেমিকের এমন আকস্মিক ও রোমান্টিক প্রস্তাবে পুরোপুরি চমকে যান ওই নারী।
ম্যাচে অবশ্য প্রথম লিড নিয়েছিল কেপ ভার্দেই।
দ্বিতীয়ার্ধে যখন কেপ ভার্দের পরাজয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন হেলিও ভারেলা। তার দুর্দান্ত গোলেই ২-২ ব্যবধানে সমতায় ফেরে কেপ ভার্দে, যা দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা উদযাপনের উপলক্ষ এনে দেয়।
এই ড্রয়ের ফলে নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রণেই অপরাজিত থাকার গৌরব ধরে রাখল আফ্রিকার এই পুঁচকে দলটি। এর আগের ম্যাচেও তারা বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। আর এবার উরুগুয়ের বিপক্ষে মাঠের সেই ঐতিহাসিক ড্রয়ের রাতটি গ্যালারির রোমান্টিক আবহের কারণে ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে থাকবে অনেক দিন।