মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে শুরু থেকেই নির্বাচনী পরিবেশ বেশ শান্ত। সকাল থেকে তারই প্রমাণ মিলছে। কেননা, প্রথম ভোট পড়তে সময় লেগেছে প্রায় ৩৫ মিনিট।
এদিকে নির্বাচন ঘিরে স্টেডিয়াম এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। সকাল থেকেই কাউন্সিলর ও পরিচালক পদপ্রার্থীরা কেন্দ্রে আসতে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও যোগ দিয়েছেন প্রতিনিধিরা, পাশাপাশি ঢাকার ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিও দেখা গিয়েছে।
অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের একটি বড় অংশ ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর ফল সন্ধ্যার মধ্যেই জানা যাবে।
জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম নির্বাচনে লড়বেন। এই বিভাগ থেকে ২ জন নির্বাচিত হবেন, যেখানে এগিয়ে শফিকুল এবং শান্তনু। বরিশাল থেকে নির্বাচনে লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। নির্বাচিত হবেন ১ জন, যেখানে মিজানুর এগিয়ে। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করে বৈধতা নিয়ে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হয়েছেন।
এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।
এর মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, ফায়াজুর রহমান এগিয়ে আছেন।