Image description

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর দিলেন এমিলিয়ানো মার্তিনেজ। বাম হাতের আঙুলে চোট থাকলেও জাতীয় দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে এই গোলকিপার জানিয়েছেন, পুরোপুরি অনুশীলন করতে না পারলেও দলের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত তিনি।

 

২০২৬ বিশ্বকাপ শুরুর আর বেশিদিন বাকি নেই। এর মধ্যেই আর্জেন্টিনা দল কানসাস সিটিতে প্রস্তুতি শুরু করেছে। সোমবার বিকেলে লিওনেল স্কালোনির দলের প্রথম অনুশীলনে কয়েকজন ফুটবলার কম চাপ নিয়ে কাজ করেছেন। তাদের মধ্যে ছিলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজও।

 

ইউরোপা লিগের ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে চোট পেয়েছিলেন মার্তিনেজ। এরপর থেকেই তার হাতের ওই অংশ স্থির রাখা হয়েছে। প্রথম অনুশীলনের ছবিতেও তার বাম হাতে ব্যান্ডেজ দেখা গেছে। বিশেষ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুল ঢাকা ছিল ব্যান্ডেজে।

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে দিবু লিখেছেন, অনেক আশা নিয়ে প্রথম দিন শুরু হলো। সবকিছু করতে না পারায় মন খারাপ, তবে বন্ধুদের সঙ্গে থাকতে পেরে এবং দেশের জন্য একসঙ্গে হতে পেরে আনন্দিত।

 

চোট থাকায় প্রথম দিন গোলকিপিং অনুশীলনে নিজেকে পুরোপুরি ঝুঁকিতে ফেলেননি মার্তিনেজ। একটি ছবিতে তাকে পায়ে বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। হাতের চোটের কারণে আপাতত নির্দিষ্ট কিছু কাজেই সীমাবদ্ধ রাখা হয়েছে তাকে।

 

আর্জেন্টিনা শিবিরের জন্য বড় স্বস্তি হলো, চোটটি বিশ্বকাপের শুরুতে তার খেলা আটকাবে বলে মনে করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই পাওয়া যেতে পারে তাকে।

 

তবে ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দিবুকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই।

 

এর আগে রোববারও দিবুকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে কানসাসে যাওয়ার পথে বিমানের একটি ছবিতে তার হাতে সাদা ব্যান্ডেজ দেখা যায়। ছবিটি সামনে আসার পর আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সেটি মূলত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ বলেই জানা গেছে।