সকাল থেকে খটখটে রোদের পর হুট করেই দুপুরবেলা রাজধানীতে শুরু হলো তুমুল ঝড়-বৃষ্টি। থেমে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। মিরপুরের মাঠে জমে গেল পানি। কিন্তু বৃষ্টি থামতেই যেন ম্যাজিক! আধাঘণ্টার মধ্যেই মাঠ থেকে নেমে গেল পানি। মিরপুরের এই অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আসলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। আজ একঘণ্টা টানা বৃষ্টি থামার ৩৫ মিনিট পরই সব পানি নেমে যায়। সঙ্গে সঙ্গে দুটি সুপার সপার মাঠ শুকানোর কাজ শুরু করে। ৩টা ৪৫ মিনিটে খেলা ফের শুরু হয়। তবে মাঝের একটি সেশন ভেসে গেল বৃষ্টিতে। কিছুক্ষণের তুমুল বৃষ্টি শেষে তৃতীয় সেশনে খেলা শুরু হলো ঝলমলে রোদে।
গতকাল তৃতীয় দিনেও বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় ১ ঘণ্টা। সেই ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা শুরু করা হয় সকাল ৯টা ৪৫ মিনিটে। আগের দিন বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ১.৫ ওভার, তাই বলা যায় একদম নতুন বলই দিনের শুরুতে হাতে পেয়েছেন মোহাম্মদ আব্বাস-শাহিন শাহ আফ্রিদিরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটিটা জমে উঠেছিল। তখনই বাগড়া দিল বেরসিক বৃষ্টি।