স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১১ মে) বিকেল ৫টায় মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ওয়ার্ড, নারী ও শিশু ওয়ার্ড, অপারেশন থিয়েটার, স্টোর রুম এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন। চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকার বিভিন্ন স্থাপনার উন্নয়নের কথাও জানান তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।