এই মৌসুম শেষে বিদায় বলছেন ক্লাবকে, জানিয়েছিলেন আগেই। বাকি সব শিরোপার স্বপ্ন শেষ হওয়ায় চ্যাম্পিয়নস লিগ ছিল তার একমাত্র স্বপ্ন। সেই স্বপ্নও ভাঙল, শেষ হলো দীর্ঘ এক পথচলার। আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। লিগ ও চ্যাম্পিয়নস লিগ না জিতেই আতলেতিকোর ক্যারিয়ারের ইতি টানছেন ফরাসি তারকা আতোইন গ্রিজমান।
২০১৪-তে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে পাড়ি জমান আতলেতিকোতে। এরপর পেরিয়ে গেছে এক যুগেরও বেশি। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা হয়ে ওঠা গ্রিজমান সবটুকু নিংড়ে দিয়েছেন দলের হয়ে।
সব টুর্নামেন্ট মিলিয়ে ক্লাবের হয়ে এখন পর্যন্ত গ্রিজমান খেলেছেন ৫২৯ ম্যাচ। আতলেতিকোর হয়ে এটা চতুর্থ সর্বোচ্চ।
২১২ গোলে আতলেতিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান, আছে ৯৪ অ্যাাসিস্টও। ব্যক্তিগত সাফল্যে ভরপুর থাকলেও দলীয়ভাবে বড় কিছু জিততে পারেননি তিনি।
আতলেতিকোর হয়ে গ্রিজমান জিতেছেন একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও ইউয়েফা সুপার কাপ। তবে তাকে পীড়া দিয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ না জেতার বেদনা।
২০১৯ সালে আতলেতিকো ছেড়ে বার্সায় গিয়েছিলেন ৩ মৌসুমের জন্য। কী দুর্ভাগ্য দেখুন, ২০২১ সালেই লা লিগা শিরোপা জেতে আতলেতিকো!
মৌসুম শেষে আতলেতিকো ছেড়ে মেজর সকার লিগের ক্লাব অর্লান্ডো সিটিতে যাচ্ছেন আতলেতিকো। নিজের ক্যারিয়ারের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাও হয়তো কাল খেলে ফেলেছেন। শেষ বাঁশি বাজার পর তাই চোখের জলেই বিদায় জানান সতীর্থ ও সমর্থকদের।
বিদায়বেলায় গ্রিজমানকে নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন কোচ ডিয়েগো সিমিওনে, ‘কঠোর পরিশ্রম ও বিনয়ের জন্য আমি গ্রিজমানকে ধন্যবাদ জানাতে চাই। সে একজন অনুকরণীয় মানুষ, এমন সমাজে যেখানে তরুণদের জন্য তার মতো রোল মডেল প্রয়োজন। তুমি আমাদের যা দিয়েছ, যা দিচ্ছ আর ভবিষ্যতেও যা দেবে, সবকিছুর জন্য ধন্যবাদ।’