Image description

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বেনফিকার পর্তুগিজ কোচ জানিয়েছেন, মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

 

ফামালিকাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহোকে রিয়াল মাদ্রিদের কথিত আগ্রহ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে বাস্তব কোনো অগ্রগতি নেই।

 

মরিনহো বলেন, ‘না, রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমি ফুটবলে অনেক বছর ধরে আছি, আপনারাও সাংবাদিকতায় অনেক বছর ধরে আছেন। আমরা এসব বিষয়ে অভ্যস্ত। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে কিছুই হয়নি।’

 

বর্তমানে বেনফিকার সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি। সম্ভাব্য গ্রীষ্মকালীন দলবদল বা নতুন দায়িত্বের প্রসঙ্গেও একই অবস্থান জানিয়েছেন তিনি।

 

মরিনহো বলেন, ‘কিছুই নেই। এর বেশি কিছু বলতে পারি না। রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু নেই। আর বেনফিকার ব্যাপারে আপনারা পরিস্থিতি জানেন। আমার চুক্তির আরও এক বছর বাকি আছে, এটাই সব।’

 

এই মুহূর্তে নিজের মনোযোগ পুরোপুরি বেনফিকাতেই বলে জানান মরিনহো। সামনে ফামালিকাও, স্পোর্টিং ব্রাগা ও এস্তোরিলের বিপক্ষে ম্যাচ নিয়ে কাজ করছেন তিনি। মৌসুম শেষ হওয়ার আগে নিজের দায়িত্বে মনোযোগ ধরে রাখতে চান পর্তুগিজ কোচ।

 

ক্লাবে কোচদের স্থায়িত্ব নিয়েও কথা বলেছেন মরিনহো। তার মতে, একজন কোচ যত বেশি সময় একটি ক্লাবে থাকেন, তত বেশি দল ও স্কোয়াডের ওপর নিজের ছাপ রাখতে পারেন। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় একই কোচ থাকলে দলের প্রতিটি খুঁটিনাটি বিষয়েও তার প্রভাব পড়ে।

 

রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর সম্পর্ক পুরোনো। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বার্নাব্যুর ডাগআউটে ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে রিয়ালের সম্ভাব্য নতুন কোচের তালিকায় তার নাম আবারও আলোচনায় এসেছে। তবে মরিনহোর কথায়, আপাতত সেই আলোচনা গুঞ্জনের পর্যায়েই সীমাবদ্ধ।