Image description

ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোস প্রকাশিত এক সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করছেন ৬১ শতাংশ মার্কিন নাগরিক। কারণ এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

জরিপের ফলাফল বিশ্লেষণে বলা হয়, এই জনমত ২০০৬ সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা জরিপের সঙ্গে প্রায় মিল রয়েছে। সে সময় ৫৯ শতাংশ মার্কিনি ইরাক যুদ্ধকে ভুল হিসেবে অভিহিত করেছিলেন।

এছাড়া ১৯৭১ সালে গ্যালাপ পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ছয়জন ভিয়েতনাম যুদ্ধ-কে একইভাবে ভুল বলে মনে করেছিলেন। 

সর্বশেষ জরিপ অনুযায়ী, রাজনৈতিক দলভিত্তিক মতামতেও বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাটদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করছেন। এছাড়া ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও একই মত দিয়েছেন।