Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন এবার আদালত পর্যন্ত গড়াল। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে

 

 

 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াসহ ৭ আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। তাদের আবেদনে বলা হয়েছে, বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদকে সরিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত আইনসম্মত হয়নি। তাই ওই কমিটির কার্যক্রমের আইনি ভিত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

 

 

রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।

 

 

 

আবেদনকারীদের বক্তব্য, গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে বিসিবির কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেয়। সেই কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যেই কাজ করছিল। কিন্তু ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে একটি স্মারক জারি করে নির্বাচিত কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

 

 

 

রিটে দাবি করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে ওই ধারা প্রয়োগের মতো পরিস্থিতি ছিল না। আবেদনকারীদের মতে, কোনো কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হলে, অনিয়মে জড়ালে বা ক্রীড়া সংস্থার স্বার্থবিরোধী কাজ করলে বিশেষ পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের সুযোগ থাকতে পারে। কিন্তু বিসিবির নির্বাচিত কমিটির ক্ষেত্রে এমন কোনো অভিযোগ আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়নি।

 

 

 

তাদের আরও দাবি, নির্বাচিত পর্ষদের মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি ভেঙে দেওয়া বোর্ডের স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। রিটকারীদের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্ত ক্রীড়া প্রশাসনে অনিশ্চয়তা তৈরি করে এবং নির্বাচিত প্রতিনিধিত্বের নীতিকেও দুর্বল করে।

 

 

 

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।