Image description

ভিসা থাকা সত্ত্বেও কানাডায় প্রবেশ করতে পারলেন না ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর মুখে পড়ে প্রতিনিধিদলসহ তিনি তুরস্কে ফিরে গেছেন বলে দাবি করেছে ইরান।

অন্যদিকে, কানাডা সরকার এই নিষেধাজ্ঞার পেছনে সরাসরি রাজনৈতিক কারণ তুলে ধরেছে। ৬৬ বছর বয়সী মেহদি তাজের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কথিত সম্পর্কের কথা জানিয়েছে তারা। উল্লেখ্য, ২০২৪ সালে কানাডা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

কানাডা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইআরজিসি কর্মকর্তারা কানাডায় অগ্রহণযোগ্য এবং আমাদের দেশে তাদের কোনো স্থান নেই।’ ব্যক্তিগত গোপনীয়তার কারণে বিস্তারিত মন্তব্য না করলেও তারা স্পষ্ট করেছে যে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত কঠোর।

এই ঘটনার প্রভাব সরাসরি ফুটবল বিশ্বকাপের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনটি দেশে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে ইরান দলের ভ্রমণ, ভিসা ও নিরাপত্তা নিয়ে আগে থেকেই জটিলতা ছিল। বর্তমান পরিস্থিতিতে ইরানের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা অবাধে যাতায়াত করতে পারবেন কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

 
 

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মেহদি তাজের সঙ্গে ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি এবং ডেপুটি হামেদ মোমেনিসহ পুরো প্রতিনিধিদলটি অপমানের প্রতিবাদে পরবর্তী ফ্লাইটেই কানাডা ত্যাগ করেন।

 

ফিফা ম্যাচগুলো যথাসময়ে আয়োজনের ওপর জোর দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা এখন তুঙ্গে।