আগামী কয়েক বছর এমনকি যদি টানা যুদ্ধ চালিয়ে যাওয়া হয় তাও ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ফুরাবেনা বলে ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিমা চাপ আর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের তোয়াক্কা না করে ইরান এই ঘোষণা দিয়েছে।
দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের উপ-প্রধান আলাউদ্দিন বোরুজের্দি দাবি করেছেন, ইরানের কাছে বছরের পর বছর একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখনও আমাদের পূর্ণ সামরিক সক্ষমতা বা তুরুপের নতুন কার্ডগুলো বিশ্বকে দেখাইনি।
বোরুজের্দি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে সম্পূর্ণ অকার্যকর বলে উড়িয়ে দিয়ে জানান, বর্তমানে ১২০টিরও বেশি জাহাজ সেখানে পারাপারের অপেক্ষায় থাকলেও বহু ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির দিকে ইঙ্গিত করে তিনি সতর্ক করেছেন, সেখানে কোনো বিশৃঙ্খলা হলে বৈশ্বিক সমুদ্রপথ মারাত্মকভাবে প্রভাবিত হবে।
এদিকে ইরানের ইসলামি রেভ্যুলশনারি গার্ড কোর-এর (আইআরজিসি) নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হামাদ আকবরজাদেহ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে, তবে ইরান তাদের উন্নত ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী নতুন সক্ষমতা ব্যবহার করে তাদের বড় রণতরিগুলো গুঁড়িয়ে দেবে।