দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত ও পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড় যুক্ত হয়েছেন। ফলে, এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ সরকারের এই বিশেষ সুবিধার আওতায় এসেছেন। রবিবার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফায় আরও ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এই ধাপে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের মধ্যে পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্যও আছেন। পরে শতাধিক ক্রীড়াবিদের মধ্যে প্রথমে অনুভূতি প্রকাশের সুযোগ পান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আফঈদা বলেন, 'প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ক্রীড়াবিদদের জন্য এমন উদ্যোগ নেয়ায়। এটি আমাদের ফুটবলারদেরসহ সব খেলোয়াড়দের জন্যই অনেক উপকারে আসবে।'
ক্রীড়া ভাতার আওতায় আজ নারী ফুটবলার এসেছেন। তবে এই সংখ্যা সামনে আরও বাড়ানোর দাবি জানান অধিনায়ক। তার ভাষ্যমতে, 'আমাদের নারী ফুটবলে আরও অনেকে রয়েছে। তাই সামনে সংখ্যাটা আরও বাড়ানোর অনুরোধ করছি, ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। পাশাপাশি আমাদের একটি ভালো ফুটবল মাঠের ব্যবস্থা করারও অনুরোধ করছি।'
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াপ্রেমী। তার একমাত্র কন্যা জাইমা রহমানও ফুটবল ভালোবাসেন। তাই ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে তাদেরকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়ে আফঈদা বলেন, 'আপনার মাধ্যমে জেনেছি, জাইমা রহমান একজন ফুটবলার। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানাই।'