Image description

দ্বিতীয় ধাপে দেশের ১৭১ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা কার্ড প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৭১ জন এই সুবিধা পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তালিকার বাইরে থাকা কয়েকজন পরিচিত ফুটবলারের নাম। প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমসহ আরও কয়েকজন জাতীয় দলের সঙ্গে যুক্ত খেলোয়াড় এই তালিকায় জায়গা পাননি।

 

জাতীয় ক্রীড়া পরিষদের সূত্রে জানা গেছে, মূলত কিছু প্রশাসনিক জটিলতার কারণেই তারা আপাতত ভাতার আওতায় আসেননি। বিশেষ করে অনেকের দেশে ব্যাংক অ্যাকাউন্ট না থাকা একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ফুটবল দলে সাধারণত ২৩ জনের স্কোয়াড থাকলেও এই তালিকায় প্রাথমিকভাবে ১৮ জনকে বিবেচনা করা হয়েছে।

 

এ কারণে হামজা ও শমিতের মতো প্রবাসী ফুটবলারদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ ও তারিক কাজীর মতো আরও কয়েকজনও এই তালিকার বাইরে রয়েছেন।

 

যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তালিকা সম্প্রসারণের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ধাপে বাদ পড়া খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হতে পারে।

 

 

সরকারের এই ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ মাসিক এক লাখ টাকা করে পাচ্ছেন। তবে শুরুতেই কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নতুন করে আলোচনা তৈরি করেছে ক্রীড়াঙ্গনে।