পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরুর প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়েছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান জাতীয় দলের সাদা বলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকের করা একটি প্রশ্নে রীতিমতো বিরক্ত হয়ে কড়া জবাব দিয়েছেন তিনি। এ সময় তার পাশেই বসে ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
পিএসএলের প্রচারণামূলক এক যৌথ সংবাদ সম্মেলনে বাবর আজম ও রিজওয়ানদের উপস্থিতিতে লিগ নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এক সাংবাদিক হুট করেই পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব এবং অধিনায়কত্ব বদলের গুঞ্জন নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নটি শেষ হওয়ার আগেই শাহীন আফ্রিদি তাকে থামিয়ে দেন।
বিরক্তি প্রকাশ করে শাহীন ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘প্রথম কথা হলো আমরা এখন পিএসএল খেলছি। দয়া করে আপনাদের যা প্রশ্ন আছে তা পিএসএল নিয়েই করুন। যখন আমরা পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলব, কেবল তখনই এই ধরণের প্রশ্ন করবেন।’ শাহীন আরও যোগ করেন, জাতীয় দলের সময় প্রশ্ন করলে তারা ‘সঠিক উত্তর’ দেবেন, কিন্তু ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝে বাইরের বিতর্ক টেনে আনা অনুচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভক্তদের একটি বড় অংশ শাহীনের এই পেশাদারিত্বের প্রশংসা করেছেন; তাদের মতে টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তবে অন্য একটি পক্ষ মনে করছে, পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে যে অস্থিরতা চলছে, শাহীনের এই আচরণ তারই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকেই বাবর আজম ও শাহীন আফ্রিদির মধ্যে অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন ডালপালা মেলেছে। তবে শাহীন আপাতত সেই বিতর্ক মাঠের বাইরেই রাখতে চান।