Image description

সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে আধাঘণ্টা যাবৎ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে এক রিকশায় ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় তার সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকে দেখা গেছে।

পরে রাত ১০টার দিকে একদল লোক এসে রিকশাটি সেখান থেকে সরিয়ে নেন। এসময় হাতাহাতি হয় বামপন্থী ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে। পরে রিকশাটি শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

এরপর সেখানে ক্যাম্পাস থেকে কয়েকটি ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। থানার সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন।

পরে শেখ তাসনিম আফরোজ ইমি অভিযোগ করে ফেসবুকের এক পোস্টে বলেন, বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করছে। মাইকের ব্যাটারি ছিনতাই করে নিয়ে গেছে। মাইকও ছিনতাই করতে নিচ্ছিল, আমরা বাধা দিয়েছি। এত ভয়, এত ইনসিকিউরিটি! কেউ না। কেউ ঠিকই দাঁড়ায় যাবে। দাবায় রাখতে পারবা না..!