Image description
 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পাঁচ নেতাকর্মী জামিন পেয়েছেন।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণকে ঘিরে রুমিন ফারহানার সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আগে অর্পণ করা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

 

এতে তার পুষ্পস্তবক ভেঙে যায়। উত্তেজনা বাড়লে তিনি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করেই সরে যান।

এ ঘটনায় তার কর্মী আহাদ মিয়া বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির হয়ে জামিন পান আনোয়ার হোসেন মাস্টার, আবু সুফিয়ান সিদ্দিকী, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও টিটু।

ঘটনার পর রুমিন ফারহানার সমর্থকেরা শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

অন্যদিকে আবু সুফিয়ান সিদ্দিকী দাবি করেন, শহিদ মিনারে ধাক্কাধাক্কি ও স্লোগান ছাড়া কোনো হাতাহাতি হয়নি; পূর্বের একটি ঘটনায় আহত ব্যক্তিকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।